জামালপুরে গ্যাস সংকটে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিসিক এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
জানা গেছে, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বুধবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে জাবেদ ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। অন্তত তিন ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন।
চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জামালপুরের একমাত্র এই সিএনজি ফিলিং স্টেশনে জেলার সাতটি উপজেলা ছাড়াও আশপাশের তিন জেলার ছয়টি উপজেলার যানবাহন গ্যাস সংগ্রহ করে। ফলে গ্যাস সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পরিবহণ চালকরা। অবরোধের কারণে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জামালপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিলে তারা তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন।
ইউএনও নাজনীন আখতার চালকদের উদ্দেশে বলেন, সিএনজি পাম্প নিয়ম মেনে গ্যাস দেবে। আপনারা অবরোধ তুলে নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করব।
তিনি আরও বলেন, জনসাধারণকে কষ্ট দেওয়া কাম্য নয়, গ্যাস সংকট এটি জাতীয় সমস্যা। আমরা আপনাদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেব।
