একজন ইমাম কেবল মসজিদে নামাজের ইমাম নন, বরং তিনি পুরো সমাজেরও অভিভাবক ও পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
শনিবার (১ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখা আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সমাজে নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দ্বীনি চেতনা জাগ্রত করতে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজে শান্তি, সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম। ইসলামের প্রকৃত ও সঠিক শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব মুফতী আ.ফ.ম. আকরাম হুসাইন বলেন, বর্তমান সময়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র নানামুখী নৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতিতে ইমামদের কেবল মিম্বারে খুতবা কিংবা ওয়াজ-নসীহতের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং বাস্তব ময়দানে সংক্রিয় ভূমিকা রাখতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সৎ জীবনযাপন, পারস্পরিক সৌহার্দ্য, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবকল্যাণে উদ্বুদ্ধ করার ওপর তিনি জোর দেন।
জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রকিবুদ্দিনের পরিচালনায় সভায় নগরীর বিভিন্ন মসজিদের প্রবীণ ও নবীন ইমাম, খতীব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ইমামরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিষ্ঠার সঙ্গে পালন করেন, তবে সমাজ থেকে সামাজিক অপরাধ দূর করে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুফতী ফুরকান আহমাদ কাসেমী, মুফতী ইউনুস আহমাদ, মুফতী শরীফ মাশহুদুর রহমান, মুফতী মানজুর আহমাদ, মাওলানা আব্দুল জব্বার, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ ও মুফতী আবদুল্লাহ মুখতারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের খুলনা বিভাগের তিনটি জেলার আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। যশোর জেলার আহ্বায়ক মুফতী ফুরকান আহমাদ কাসেমী ও সদস্য সচিব মুফতী আবু বকর সিদ্দিক। বাগেরহাট জেলার আহ্বায়ক মাওলানা শামীম আহমাদ ও সদস্য সচিব মাওলানা আজগর হুসাইন। সাতক্ষীরা জেলার আহ্বায়ক মুফতী আবদুল্লাহ আল মাসউদ ও সদস্য সচিব মুফতী আবদুল আলীম।
