আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শতশত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। সেই আত্মত্যাগ ও রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে জুলাইয়ের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না।
শুক্রবার রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনও নাম-পরিচয়বিহীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে। এসব শহীদের পরিচয় শনাক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ অনেকে।
