সাম্প্রতিক সময়ে পুরুষ থেকে রূপান্তরিত এক নারীর বিয়ের সংবাদ প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, এ ঘটনা বিয়ের মতো পবিত্র সামাজিক বন্ধন, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক মূল্যবোধকে কলুষিত করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। সামাজিক এই ভিত্তিমূলক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উল্লেখ করেন, হাজার বছরের সামাজিক ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতি রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে রাষ্ট্রের নীরবতায় দেশের সচেতন সমাজ গভীর শঙ্কা প্রকাশ করছে। হিজড়া ও ট্রান্সজেন্ডার ধারণার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, নারী ও পুরুষের বাইরে জন্মগত যে শারীরিক অপূর্ণাঙ্গতা রয়েছে তা একটি জৈবিক বিষয় এবং সমাজে তারা হিজড়া হিসেবে পরিচিত। তাদের প্রতি মানুষের সহানুভূতি ও সম্মান রয়েছে। তবে হিজড়া এবং ট্রান্সজেন্ডার কখনোই এক বিষয় নয়। একটি জন্মগত অপূর্ণাঙ্গতা হলেও অন্যটি ইচ্ছাকৃত মানসিক ও শারীরিক বিকৃতি।
তিনি আরও সতর্ক করে বলেন, রাষ্ট্রের এই ধরনের ইস্যুতে নীরব থাকা মানে প্রকারান্তরে ইচ্ছাকৃত বিকৃতিকে স্বীকৃতি দেওয়া, যা সাধারণ নারী-পুরুষের ব্যক্তিগত নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউ কেন্দ্রীক রাজনৈতিক এজেন্ডা মূলত পশ্চিমা সংস্কৃতির অংশ এবং এটি বাংলাদেশের সমাজ, ধর্ম ও পারিবারিক ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী। এই ধরনের বিষয়কে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের উদাসীনতা দীর্ঘমেয়াদে দেশের সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে।
টিএইচএ/
