প্রশাসনকে না জানিয়ে সীতাকুণ্ডে ভারতীয় কূটনীতিক, রহস্য ও গুঞ্জন

by hsnalmahmud@gmail.com

বিশেষ প্রতিবেদক:: কোনো পূর্বঘোষিত কর্মসূচি নেই, ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো আগাম তথ্যও। স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ ধাম ও সতীপীঠ পরিদর্শন করেছেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার।

একজন দায়িত্বশীল বিদেশি কূটনীতিকের এমন আকস্মিক ও গোপনীয় সফর ঘিরে সীতাকুণ্ডসহ পুরো চট্টগ্রামজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও কৌতূহল।

বিজ্ঞাপন
banner

দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বল্পসংখ্যক সহযোগী নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে যান ভারতীয় এই কূটনীতিক। সফরকালে তিনি ৫১ সতীপীঠের অন্যতম ‘মা ভবানী’ মন্দিরে প্রার্থনায় অংশ নেন। পরবর্তীতে পাহাড়চূড়ায় অবস্থিত শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির, শ্রী শ্রী ভৈরব মন্দির এবং ব্যাসকুণ্ডসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর বর্তমান অবস্থা, সংরক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে খোঁজখবর নেন। তবে একটি সংবেদনশীল অঞ্চলে কূটনৈতিক প্রোটোকল না মেনে এবং স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কেন এই আকস্মিক সফর—তা নিয়ে নানামুখী প্রশ্ন উঠছে। সফরটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এক বিদেশি কূটনীতিকের এমন অননুমোদিত পদচারণায় বিষ্ময় প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, ‘ভারতীয় সহকারী হাইকমিশনারের সীতাকুণ্ড সফরের বিষয়ে আমার কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

একই সুর সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনের কণ্ঠেও। তিনি বলেন, ‌‘ভারতীয় সহকারী হাইকমিশনার সীতাকুণ্ডে এসেছিলেন—এ বিষয়ে সীতাকুণ্ড থানা পুলিশ বা ডিএসবি (জেলা বিশেষ শাখা)—কারো কাছেই কোনো পূর্ব তথ্য ছিল না।’

প্রশাসনের পাশাপাশি স্থানীয় পূজা উদযাপন পরিষদ বা হিন্দু সম্প্রদায়ের নেতারাও এই সফরের বিষয়ে কিছুই জানতেন না।

চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ দাস নাটু জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই তিনি বিষয়টি জানতে পেরেছেন। একইভাবে সীতাকুণ্ড জগন্নাথ মন্দিরের সভাপতি মনোজ কুমার নাথও জানান, উপজেলা বা পৌরসভা পূজা কমিটির শীর্ষ কোনো দায়িত্বশীলই এ সফরের খবর জানতেন না।

কোনো কূটনৈতিক প্রোটোকল কিংবা নিরাপত্তাবেষ্টনী ছাড়া একজন বিদেশি প্রতিনিধির এমন সফরকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না স্থানীয়রা। ঘটনাটিকে ঘিরে আইনশৃঙ্খলা ও কূটনৈতিক পরিমণ্ডলে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222