সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির ছবি শেয়ার করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, গাড়ির দোষটা কী ছিল, যে সেটিও ভাঙচুরের শিকার হলো? একজন তরুণ তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় চিকিৎসাধীন। একটি পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে?
তিনি বলেন, সহিংসতা, হামলা ও ভাঙচুর কোনো গণতান্ত্রিক রাজনীতির ভাষা হতে পারে না। মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার জবাব কি লাঠি, হামলা আর রক্তপাত?
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন।
এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।
এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা— বিষয়টা এ রকম না।
তিনি আরও বলেন, কেউ আহত হয়েছে বলে আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।
