‘দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান’

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরা দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে দলীয়করণ, রাজনৈতিক সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই ‘২০২৬) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন
banner

সভায় পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী সভাপতিত্ব করেন এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার সভা পরিচালনা করেন।

সভায় এনসিপির পদযাত্রায় সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভিন্নমত দমন এবং সহিংসতার রাজনীতি দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

মজলিসে শূরা নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে। নেতারা বলেন, নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে যোগ্যতা, সততা ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালনার দাবি জানান তারা।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে সভায় বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য বৈষম্য এবং সার্বভৌমত্বের প্রশ্নে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দুর্নীতির বিস্তারকে জাতীয় জীবনের জন্য গভীর উদ্বেগজনক উল্লেখ করে বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় মজলিসে শূরা।

অধিবেশনে সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী ও মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক ও মাওলানা আনোয়ারুল কবীর, অর্থ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান এবং সহকারী সংগঠন সচিব মাওলানা ইনামুল হক কুতুবীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222