ফেসবুকে ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা। এবার থেকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সব ধরনের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। এর ফলে ভিডিও ফিচার থেকে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।
সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ছোট হোক বা বড়—যেকোনো ভিডিও আপলোড করলেই তা এখন থেকে রিলস হিসেবে গণ্য হবে। এর আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার, যা একীভূত করে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে।
সময়সীমা উঠছে, ভিডিও হবে ১০ মিনিট পর্যন্ত
আগে রিলসের দৈর্ঘ্য ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। নতুন আপডেটে এই সীমাবদ্ধতা উঠে যাচ্ছে। এখন থেকে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিটের দীর্ঘ ভিডিওও রিলস আকারে প্রকাশ করা যাবে।
মনেটাইজেশন হবে শুধু রিলস থেকে
এই পরিবর্তনের ফলে যারা আগে দীর্ঘ ভিডিও পোস্ট করে ফেসবুক থেকে আয় করতেন, তাদের এখন রিলস নীতিমালার অধীনেই কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও থেকে আলাদাভাবে আয় করার সুযোগ আর থাকছে না।
থাকছে নতুন এডিটিং টুলস
মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন কিছু ক্রিয়েটিভ টুলস ও সহজ এডিটিং অপশন। যেকোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই ব্যবহারকারীরা ভিডিওতে কাট, ফিল্টার, টেক্সট ও মিউজিক যোগ করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও ও রিলস একীভূত করার এ সিদ্ধান্ত ব্যবহারকারীদের জন্য সহজতর অভিজ্ঞতা তৈরি করলেও, কনটেন্ট নির্মাতাদের আয়ের মডেল পাল্টে যাবে, এবং তাদের নতুন কৌশলের সাথে খাপ খাওয়াতে হবে।
হাআমা/
