চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্য পিপল’–এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান এই মামলার আবেদন করেন। আদালত ওই সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরবর্তীতে বিকালে এই আদেশ প্রদান করেন। আদেশে মামলার বিষয়বস্তু নিবিড়ভাবে তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। বাদী পক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান মামলার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, আসামিরা ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন ইতিবাচক প্রতিবেদন প্রকাশের কথা বলে মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে সংবাদ প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। একই সঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের নিয়মিত ও ধারাবাহিক সামাজিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার শর্তে আসামিরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আসামিদের এই দাবিকৃত অনৈতিক চাঁদা দিতে সম্পূর্ণ অস্বীকার করায় তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করার সরাসরি হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, চাঁদা না পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ জুন ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ও মর্যাদাহানি করে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ফলে জনকল্যাণমুখী এই প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে বাদী তার অভিযোগে দাবি করেছেন। আদালত বাদীর জবানবন্দি ও প্রাথমিক তথ্য-প্রমাণ আমলে নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন।
টিএইচএ/
