আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে আন্তর্জাতিক মহলের জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, পোলিও প্রতিরোধ কর্মসূচিসহ স্বাস্থ্য ও মানবিক সহায়তার বিষয়গুলোকে অবশ্যই রাজনৈতিক বিবেচনা থেকে মুক্ত রাখতে হবে।
আজ রোববার (৫ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখি এবং তাঁর প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে আমির খান মুত্তাকি এসব কথা বলেন। বৈঠকে আফগানিস্তানের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নতি এবং পোলিও নির্মূলের প্রচেষ্টা ত্বরান্বিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানান বালখি আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থাকে সমর্থন ও সহযোগিতা করার জন্য তাঁর সংস্থার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দেশব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আফগান সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
জবাবে আমির খান মুত্তাকি পোলিও নির্মূল উদ্যোগের প্রতি তাঁর সরকারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে সাধারণ আফগান জনগণের কাছে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত করতে তিনি কিছু জরুরি চাহিদার কথা উল্লেখ করেন। মুত্তাকি বলেন, আফগানিস্তানে উন্নত ক্যানসার নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জামের মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগিয়ে আসা প্রয়োজন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বাস্থ্য, মানবিক ও বাণিজ্য সহযোগিতার মতো বিষয়গুলো কোনোভাবেই রাজনৈতিক ইস্যু দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। আফগান জনগণের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই খাতগুলোকে সব ধরনের রাজনৈতিক বিবেচনা থেকে পৃথক রাখা অপরিহার্য।
