প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা স্থগিত না করার জেরে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ আখ্যা দিয়ে করা মন্তব্যের জবাবে এক অভিনব ও কঠোর প্রতিবাদের ভাষা বেছে নিয়েছে আন্দোলনরত তরুণ প্রজন্ম। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খুলে নিজেদের নতুন রাজনৈতিক প্রতীকী শক্তির জানান দিয়েছে।
মঙ্গলবার পেজটি খোলার পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করে। তবে এই উদ্যোগের সুযোগ নিয়ে নিষিদ্ধ বা পতনে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা নিজেদের অনুকূলে কথা বলতে এলে তাদের কঠোর বার্তা দিয়েছে নতুন পেজটি।
এক পোস্টে তাদের উদ্দেশ্যে পেজের পরিচালনাকারীরা লেখেন, “ইনবক্সে এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই—আমরা হইলাম তারা, যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করবো। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ নেওয়া থেকে বিরত থাকা ভালো।”
শিক্ষার্থীদের এই কঠোর ও স্পষ্ট বার্তা প্রমাণ করে, সরকারের বর্তমান নীতি বা শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করলেও কোনো পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে তারা কোনো আপস করবে না। প্রশাসনিক কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করলেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই তরুণ সমাজ ভবিষ্যতে যেকোনো শাসনব্যবস্থার অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
টিএইচএ/
