মধ্যরাতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

by Fatih Work

দেশের আট জেলায় গভীর রাতের মধ্যে ঘণ্টার সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টির শঙ্কা ব্যক্ত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই পূর্বাভাসের কথা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ১টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে তীব্র দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংশিষ্ট অঞ্চলগুলোতে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

এদিকে আবহাওয়া দপ্তরের নিয়মিত বুলেটিনে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ বর্তমানে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি প্রবর্ধিত অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত সক্রিয় রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সার্বিকভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে বুধবার (২২ জুলাই) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের বেশ কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়সীমায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222