দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রোববার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে চলতি সপ্তাহের আগামী দিনগুলোতে সারা দেশেই বৃষ্টিপাতের বিস্তার বাড়তে পারে।
আগামী কয়েকদিনের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস:
-
রোববার (২ আগস্ট): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
-
সোমবার (৩ আগস্ট): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
-
মঙ্গলবার (৪ আগস্ট): দেশের আটটি বিভাগেরই অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
-
বুধবার ও বৃহস্পতিবার (৫-৬ আগস্ট): এই দুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা প্রবল থাকবে। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের এই বিভাগগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
টিএইচএ/
