নিজস্ব প্রতিবেদক:: খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল উলূম খুলনার সাবেক ছাত্র হাফেজ মাওলানা মাহদী হাসানের (২৪) আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাদরাসার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা মারকাযুল উলূম মাদরাসা সংলগ্ন মুফতী গোলাম রহমান (রহ.) ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এক শোকবার্তায় মাদরাসার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, ‘হাফেজ মাওলানা মাহদী হাসান অত্যন্ত বিনয়ী, মেধাবী ও আদর্শবান একজন ছাত্র ছিল। ২০২৩ সালে সে মারকাযুল উলূম খুলনা থেকে সাফল্যের সাথে মাওলানা (মাস্টার্স) কোর্স সম্পন্ন করে। তার এই আকস্মিক ও অকাল চলে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার হঠাৎ মৃত্যুতে শিক্ষক-সহপাঠীসহ গোটা মাদরাসাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।’
মুহতামিম আরও বলেন, ‘আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক দিন।’
মরহুমের জানাজার নামাজে মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ ছাড়াও খুলনার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর এবং ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
