মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই, ২০২৬) সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ অতিথি হিসেবে এই সফরে অংশ নেওয়ায় বাংলাদেশের সরকার ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
বৈঠকে দুই দেশের যৌথ বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা খাতে অভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি এবং দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
দীর্ঘদিনের সুদৃঢ় বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্ক স্মরণ করে উভয় পক্ষই নিজ নিজ দেশের পারস্পরিক স্বার্থ, বাণিজ্য ও সুবিধাজনক খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আগামীতে আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
টিএইচএ/
