ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা হেফাজতে ইসলাম ও কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শহরের রাজপথে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আল্লামা সাজিদুর রহমানের কড়া হুঁশিয়ারি
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া সহিংসতার তথ্য তুলে ধরে তিনি বলেন, “ঐসব ঘটনায় সংঘটিত ১৫ জন নিহতের মূল পরিকল্পনাকারী ছিলেন সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী।”
আদালতের কাছে মোকতাদির চৌধুরীর জামিন নামঞ্জুর করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে হেফাজত মহাসচিব কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যদি উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দেওয়া হয়, তবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাশেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী এবং দপ্তর সম্পাদক বেলাল হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আলেম-ওলামারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
