রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচারক এ আদেশ দেন।
এর আগে বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা এই মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দেওয়া শেষে সাংবাদিকদের সামনে তিনি নিজেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক এই মন্ত্রী গত বছরের আগস্টে জুলাই অভ্যুত্থানের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আসামি করে পুলিশ। ওই মামলায় কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পেলেও বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন তিনি।
টিএইচএ/
