পবিত্র ইদুল ফিতরের জামাতের জন্য রাজধানীর সব ঈদগাহ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত হবে সকাল ৭টায়।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ হবে।
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা শেষে সারা দেশে বইছে উৎসবের আমেজ। ইতোমধ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছে মানুষ। এদিকে ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীও। তবে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।
প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জাতীয় ঈদগাহে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। এই ময়দানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া জামাতে শামিল হবেন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে মোট ৫টি। সকাল ৭টায় প্রথম জামাতের পর ৮টা, ৯টা, ১০টা এবং সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।
হাআমা/
