টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে মাঠপর্যায়ে সমন্বিত কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নাগরিক দুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পানি অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে এই বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।
রোববার (১২ জুলাই) চলমান এই বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাওয়ার কঠোর নির্দেশ দেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, সকাল থেকে টানা বর্ষণের কারণে গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, আগারগাঁও, উত্তরা, দিয়াবাড়ী ও মোহাম্মদপুরসহ উত্তর সিটির বিস্তীর্ণ এলাকার মূল সড়ক ও অলিগলিতে পানি জমে চলাচলে সাময়িক ভোগান্তি তৈরি হয়।
উৎপন্ন এই জলাবদ্ধতা দ্রুত নিরসনে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের একাধিক কুইক রেসপন্স টিম ও কর্মী বাহিনী একযোগে কাজ করছে। পানি চলাচলের মুখ সচল রাখতে ড্রেন ও বক্স কালভার্টের মুখে জমে থাকা পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা অপসারণের কাজ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা হয়েছে।
মাঠপর্যায়ে পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। নগরবাসীর স্বাভাবিক চলাচলা ফেরাতে প্রতিটি হটস্পটে কর্মীরা নিরলসভাবে নিয়োজিত রয়েছেন।
একই সাথে একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর ধরে রাখতে সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাল, নালা কিংবা ড্রেনে বর্জ্য ও প্লাস্টিক না ফেলে নগরবাসীকেও সিটি কর্পোরেশনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
টিএইচএ/
