রায়পুরায় ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলায় যেন নেমে এসেছে এক হৃদয়বিদারক শোকের ছায়া। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ছয়টি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় পুরো উপজেলা আজ স্তব্ধ। যে উঠানগুলোতে গতকালও শিশুদের হাসি-আনন্দ, দৌড়ঝাঁপ আর কোলাহলে মুখর ছিল, আজ সেখানে শুধুই কান্নার রোল, স্বজন হারানোর আর্তনাদ আর নিস্তব্ধতার দীর্ঘশ্বাস। প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায়। সেখানে পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চারজন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহতরা হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাতি এবং বাদল মিয়ার মেয়ে সুমাইয়া (১১)। তারা সকলেই গাউছিয়া নূরে মদীনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। চারটি শিশুর নিথর দেহ একসঙ্গে বাড়িতে পৌঁছালে স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। এই ঘটনার শোক কাটতে না কাটতেই শুক্রবার আবার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলোয়ারচর গ্রামে ঘটে আরেকটি হৃদয়বিদারক দুর্ঘটনা। চকের পানিতে ডুবে প্রাণ হারায় আরও দুই শিশু। তারা হলো ভেলোয়ারচর গ্রামের নূরউজ্জামানের মেয়ে জান্নাতি (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিপা (৭)। নিহতরা পরস্পর মামাতো-ফুফাতো বোন।

বিজ্ঞাপন
banner

দ্বিতীয় দিনের এই মৃত্যুর খবরে পুরো উপজেলা জুড়ে আবারও নেমে আসে শোকের ছায়া। মাত্র একদিনের ব্যবধানে ছয়টি শিশুর মৃত্যু রায়পুরার মানুষের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। নিহত শিশুদের বাড়িগুলোতে এখন শুধুই কান্না আর আহাজারি। সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে মায়েদের বিলাপ উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করেছে। বাবারা নির্বাক, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে খাল, বিল, পুকুর ও জলাশয়ে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সামান্য অসাবধানতাই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় রায়পুরার মানুষ আজ গভীরভাবে শোকাহত। ছয়টি নিষ্পাপ শিশুর বিদায়ে পুরো উপজেলায় নেমে এসেছে শোকের কালো ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান। এদিকে এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা গ্রামে পানিতে ডুবে ৪ জন মাদ্রাসাছাত্রীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি মরহুমাদের রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় রায়পুরা উপজেলা বিএনপি, রায়পুরা পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222