গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কেন্দ্রীয় কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জুলাই) রাতের কোনো একসময়ে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে কঙ্কাল চুরির এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে জঙ্গল ও আগাছা জমে ছিল। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কবরস্থানের ওইসব আগাছা পরিষ্কার করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা কবরের ওপরের মাটি ও বাঁশ সরিয়ে ভেতরে কোনো কঙ্কাল বা অবশিষ্টাংশ খুঁজে পাননি। এ সময় কবরস্থানের ভেতরে চোর চক্রের ফেলে যাওয়া কিছু পুরোনো জামাকাপড় এবং কবর খোঁড়ার সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাদিক মিয়া মাস্টার ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের অন্ধকারে চোরের দল কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। মানুষের মৃত্যুর পর কবরেও যদি লাশের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কেমন সমাজে বসবাস করছি তা ভাববার বিষয়। তিনি এই চক্রটিকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কঙ্কাল চুরির খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
টিএইচএ/
