দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সব ধরনের পূর্বের রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম তালিকা (প্রতি ভরি)
- ২২ ক্যারেট: ১,৭৮,৮৩২ টাকা (বৃদ্ধি ৩,০৪৪ টাকা)
- ২১ ক্যারেট: ১,৭০,৭০৩ টাকা (বৃদ্ধি ২,৯০৫ টাকা)
- ১৮ ক্যারেট: ১,৪৬,৩১৩ টাকা (বৃদ্ধি ২,৪৮৪ টাকা)
- সনাতন পদ্ধতি: ১,২১,১৬৬ টাকা (বৃদ্ধি ২,১২৩ টাকা)
এদিকে, সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রূপার দাম প্রতি ভরিতে:
- ২২ ক্যারেট: ২,৮১১ টাকা
- ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
- ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
গত ২৩ এপ্রিল সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় সোনা বিক্রি হয়েছিল। এবার সেটি ছাড়িয়ে গেছে। আগস্টের ২৭, ৩১ এবং সেপ্টেম্বরের ২ তারিখে তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
হাআমা/
