হঠাৎ করেই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলেছেন সুপরিচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে আজহারী লিখেছেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
পোস্টটি দেওয়ার পরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই আড়াই লাখেরও বেশি মানুষ পোস্টে রিয়্যাক্ট করার পাশাপাশি হাজার হাজার নেটিজেন এতে কমেন্ট করে নিজেদের বাসাবাড়িতেও অনুরুপভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ক্ষোভ প্রকাশ করেন।
নেটিজেনদের একাংশের মতে, বিদ্যুৎ ব্যবহারে কোনো বড় ধরনের পরিবর্তন না হওয়া সত্ত্বেও হঠাৎ ভুতুড়ে বা অস্বাভাবিক বিল আসা সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখে দ্রত প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
