তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাময়িক এই বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংকট কাটাতে বর্তমান সরকারের সর্বাত্মক প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিজনিত সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। আমদানিকৃত যন্ত্রাংশ দ্রুততম সময়ে খালাসের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আগামী সপ্তাহের মধ্যেই সারাদেশে গ্যাস সরবরাহ পুরোদমে স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করেন।
শিল্পখাতের উৎপাদন সচল রাখার বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শিল্পখাতে দীর্ঘস্থায়ী গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এ সময় বিগত সরকারের নীতিহীন ও অপরিকল্পিত স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল সাময়িক উপশম নয়, জ্বালানি খাতে টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
টিএইচএ/
