দেশের ইস্পাত খাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন ও গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (AKS)। মাত্র এক মিনিটে সর্বাধিক সংখ্যক স্টিল রিবার (রড) উৎপাদনের বিরল সক্ষমতা প্রদর্শন করে প্রতিষ্ঠানটি অর্জন করেছে সম্মানজনক ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস™’ (Guinness World Records™) খেতাব।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের “Most Steel Rebars Produced in One Minute” ক্যাটাগরিতে এই বিশ্বরেকর্ড নিবন্ধিত হয়েছে। এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইস্পাত শিল্পের আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষ, উৎপাদন সক্ষমতা এবং দক্ষ ব্যবস্থাপনার নতুন উচ্চতা উন্মোচিত হলো।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস™-এর সুনির্দিষ্ট ও কঠোর যাচাই প্রক্রিয়ার তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একেএস-এর কারখানায় প্রতিষ্ঠানটি মাত্র ১ মিনিটে ৫২টি উন্নতমানের স্টিল রিবার তৈরি করতে সক্ষম হয়। এই সময়ে উৎপাদিত প্রতিটি রিবারের দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের প্রযুক্তি, সর্বাধুনিক প্রকৌশল এবং সুনির্দিষ্ট হাই-স্পিড ডেলিভারি (HSD) ব্যবস্থার নিখুঁত সমন্বয়ে এই রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। একেএস-এর উন্নত ইলেকট্রিক আর্কে ফার্নেস (EAF) প্রযুক্তি কারখানায় ১০০ শতাংশ পরিশোধিত স্টিল নিশ্চিত করে।
এই বিশ্বরেকর্ড অর্জন প্রসঙ্গে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন বলেন, “এই বৈশ্বিক স্বীকৃতি কেবল আমাদের প্রতিষ্ঠানের জন্য এক বিরাট মাইলফলক নয়; বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সার্বিক ম্যানুফ্যাকচারিং ও শিল্প খাতের প্রবৃদ্ধি এবং দক্ষতার এক বলিষ্ঠ বার্তা। সর্বাধুনিক বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ প্রকৌশলী এবং দলগত মেধার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সর্বোচ্চ গুণমান ও আন্তর্জাতিক মান বজায় রেখে দেশ নির্মাণে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উৎপাদনের এই অভাবনীয় গতির পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপরও বিশেষ জোর দিয়েছে। বাংলাদেশে একমাত্র আবুল খায়ের স্টিল তাদের কারখানায় ‘জিরো ওয়াটার ডিসচার্জ’ (Zero Water Discharge) ব্যবস্থা চালুর মাধ্যমে ব্যবহৃত সমস্ত পানি শতভাগ পরিশোধন ও পুনঃব্যবহার করে থাকে। পাশাপাশি সৌরশক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তির ক্ষতিকর ধোঁয়া ও গ্যাস শোধন ব্যবস্থা (Fume Treatment System), উপকরণের পুনর্ব্যবহার এবং নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রেখেছে তারা।
সুদীর্ঘ দিন ধরে দেশের বড় বড় মেগা অবকাঠামো, শিল্পকারখানা ও আবাসন খাতে নির্ভরযোগ্য ও মানসম্মত রড সরবরাহ করে আস্থা অর্জন করা আবুল খায়ের স্টিলের এই বৈশ্বিক রেকর্ড দেশের শিল্প খাতের জন্য এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
টিএইচএ/
