আন্তর্জাতিক ডেস্ক :: ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার।
ক্ষমতায় আসার প্রথম ৬৫ দিনের মধ্যেই বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করেছে রাজ্য সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জমি হস্তান্তরের বিস্তারিত তথ্য প্রকাশ করেন এবং অনুপ্রবেশ রোধে সীমান্তকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করার ব্যাপারে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শুভেন্দু জানান, ভারত–বাংলাদেশ সীমান্তের বিভিন্ন অংশে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির জন্য বিএসএফের কাছে জমি দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।
এখন পর্যন্ত ১৭২ দশমিক ৬ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য মোট ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি হস্তান্তর করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নয়টি জেলার সীমান্ত এলাকায় এই জমি দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি হস্তান্তর করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়।
সেখানে প্রায় ৪৫ দশমিক ৪ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৩৩৭ একর জমি দেওয়া হয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতে সবচেয়ে কম জমি হস্তান্তর হয়েছে।
রাজ্য সরকারের দাবি, সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির বড় অংশই এখন বিএসএফের হাতে পৌঁছে গেছে।
একজন সরকারি কর্মকর্তা বলেন, নির্ধারিত সময়ের আগেই এক হাজার একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তে বেড়া নির্মাণ শেষ করতে বিএসএফকে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে।
তার মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের নিরাপদ পরিবেশ তৈরি করা সরকারের অন্যতম দায়িত্ব।
