নিজস্ব প্রতিবেদক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) সারাদেশে শোক দিবস পালন করবে দলটি। রোববার (১২ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সোমবার সারাদেশে শোক দিবস পালন করা হবে।’
শোক দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
জানাজার সময়সূচি জানিয়ে রিজভী বলেন, বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা হবে।
প্রয়াত নেতার স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের মাঝে আর নেই। ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের অধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন—প্রতিটি আন্দোলনেই তার অনন্য ভূমিকা ছিল। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস।’
রিজভী আরও বলেন, ‘তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে, হারালো একজন অভিভাবককে।’
সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
