‘হাসিনার আইন’ ফিরিয়ে এনে হাসিনাকেই ফেরানোর পথ তৈরি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

by hsnalmahmud@gmail.com

বিভিন্ন আইন সংশোধন করে শেখ হাসিনার আমলের বিতর্কিত আইনগুলোকেই নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে এবং এর মাধ্যমে প্রকারান্তরে শেখ হাসিনাকেই দেশে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাসের প্রতিবাদে এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন, ‘২০০৯ সালের আওয়ামী লীগের আমলের বিতর্কিত মানবাধিকার কমিশন আইনকেই আবার ফিরিয়ে আনা হয়েছে। আওয়ামী লীগের আইন যদি ফিরিয়ে আনতেই হয়, তাহলে আওয়ামী লীগকেও ফিরিয়ে নিয়ে আসুন! এই সংসদ অক্ষরে অক্ষরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সব কার্যক্রম সম্পন্ন করেছে। তারা ৩১ দফার সঙ্গে বেঈমানি করেছে এবং লাখ লাখ জাতীয়তাবাদী শক্তির সঙ্গে প্রতারণা করেছে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করে বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত নতুন আইন প্রণয়নের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, ‘গুমের অভিযোগের তদন্ত যদি সেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই থাকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তবে তা প্রহসন ছাড়া কিছু নয়। গুমের তদন্ত একটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানের হাতে দিতে হবে।’

একই সঙ্গে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না করা এবং দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেন তিনি। সম্পত্তি হস্তান্তর আইন বিষয়ে আলেমদের মতামতের ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানান মঞ্জু।

এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বিতর্কিত ৩টি আইন পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222