শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এই বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে এবং এ নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেছে দলটি।
রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান।
এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদেরকে অবিলম্বে ফেরত দিয়ে আইনের কাছে সোপর্দ করার দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, আজকের দিনটি অনেক কারণেই গুরুত্বপূর্ণ। তারমধ্যে অন্যতম হলো-বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা হলো। এটা স্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘ সময় ধরে বিচারকরা যে রায় পড়েছেন, তাতে ফুঁটে উঠেছে যে, অপরাধীরা কী পরিমাণ, নিষ্ঠুর-ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে তার তথ্য প্রমাণ রায়ের মধ্যে পড়ে শোনানো হয়েছে। আমরা ও জাতি এতে বিস্মিত হয়েছে। আমরা মনে করি, এই বিচারের ব্যাপারে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। কারণ বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে।
তিনি বলেন, এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতাদের যে বিচার হয়েছে, তা শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয়েছে। তা আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদি, এজাহার, মামলা, বিচারক, স্বাক্ষী ও রায় সাজানো ছিল।
এআইএল/
