৩৬নিউজ ডেস্ক: সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ দ্বিতীয় দফায় গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবার গণনার মাত্র ১৯ দিন পর আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে নতুন কমিটির তত্ত্বাবধানে এই অর্থ গণনা কার্যক্রম শুরু হবে।
বুধবার (৮ জুলাই) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, অর্থ গণনা কার্যক্রমের প্রস্তুতি ও সার্বিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় তদারকি কমিটির সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি আনার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ১৮ জুন মাজারে নতুন চারটি সরকারি দানবাক্স বসানো হয় এবং দীর্ঘদিনের প্রচলিত তিনটি দানের ডেক সিলগালা করা হয়। পরবর্তীতে ২২ জুন প্রায় সাত শতকের ঐতিহ্য ভেঙে ঐতিহাসিক ডেক ও বাক্সগুলো খোলা হলে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা তৎকালীন জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকে খোলা বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হয়।
তবে প্রথা ভাঙা নিয়ে বিতর্ক তৈরি হলে এবং তৎকালীন জেলা প্রশাসককে প্রত্যাহারের পর আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে আধুনিক ও কার্যকর আর্থিক কাঠামো প্রণয়নের রূপরেখা দিতে বলা হয়েছে। নতুন এই কমিটির প্রত্যক্ষ পরিচালনায় দ্বিতীয় দফার দান গণনা সম্পন্ন হবে এবং প্রাপ্ত অর্থও সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।
টিএইচএ/
