গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের স্মরণে ভোলা জেলার দৌলতখান উপজেলা মডেল মসজিদে আজ মঙ্গলবার বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. রেযাউল করীম বুরহানী। উপস্থিত মুসল্লিরা অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া ও মুনাজাতে অংশ নেন।
মুফতি রেযাউল করীম বুরহানী বলেন, “এই শহীদরা দেশের জন্য, ন্যায়ের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রূহের শান্তি কামনা করি এবং আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি তাদের জান্নাতবাসী করেন।”
তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের পথ অনুসরণ করেই সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠা করতে হবে।”
মসজিদে আগত মুসল্লিরা চোখের জলে ভিজে ওঠেন। সমবেত কণ্ঠে মহান আল্লাহর দরবারে আহতদের আরোগ্য, দেশের স্থিতিশীলতা এবং জনগণের ন্যায়ের বিজয়ের জন্য প্রার্থনা করেন তারা।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে দোয়া, আলোচনা ও মানবিক সহায়তা কর্মসূচি পালন করছে স্থানীয় নাগরিক সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলো।
এনএ/
