140
আন্তর্জাতিক রত্নপাথরের বাজারে নতুন করে আলোচনায় এসেছে আফগানিস্তানের সবুজ পান্না। সম্প্রতি কাবুলে অনুষ্ঠিত এক নিলামে বিরল মানের একটি বড় পান্না বিক্রি হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ডলারে।
আফগানিস্তানের পান্না প্রাকৃতিক স্বচ্ছতা, উজ্জ্বল সবুজ রঙ এবং দীর্ঘস্থায়ী দীপ্তির জন্য বিশ্ববাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। এই ঘটনা শুধু রত্নশিল্পেই নয়, আফগানিস্তানের অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
পান্নার ইতিহাস ও ঐতিহ্য
আফগানিস্তানে পান্নার ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন সিল্ক রোডের বাণিজ্য পথে আফগানিস্তানের খনিজ রত্নপাথর, বিশেষ করে পান্না, ভারত, পারস্য, মিসর ও রোম পর্যন্ত রপ্তানি হতো। পান্না শুধু অলঙ্কার নয়, রাজকীয় প্রতীক হিসেবেও পরিচিত ছিল। মুঘল সম্রাটদের অলঙ্কার ও তরবারিতেও আফগানিস্তানের পান্নার ছোঁয়া ছিল। পান্না প্রাচীনকাল থেকেই সৌন্দর্য, সমৃদ্ধি ও মর্যাদার প্রতীক।
বাজার সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব
বর্তমানে পান্নার বৈশ্বিক বাজারমূল্য ক্রমবর্ধমান। কলম্বিয়া, জাম্বিয়া, ব্রাজিলের পাশাপাশি আফগানিস্তানের পান্না বিশেষ মূল্য পায় এর প্রাকৃতিক স্বচ্ছতা ও গভীর রঙের কারণে। আন্তর্জাতিক ক্রেতারা কাবুল ও পাকিস্তানের পেশোয়ার বাজার থেকে বড় আকারের কাঁচা পান্না কিনে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রক্রিয়াজাত করে বিক্রি করেন। রত্ন বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান সঠিকভাবে খনিজ খাত পরিচালনা করতে পারলে বছরে শুধু পান্না রপ্তানি থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় সম্ভব।
তালেবানের শাসনে খনিজ সম্পদের খোঁজ
তালেবান ক্ষমতায় আসার পর খনিজ সম্পদ খাতকে অর্থনৈতিক উন্নয়নের মূল খুঁটি হিসেবে ধরেছে। পান্না ছাড়াও আফগানিস্তানে রয়েছে হিরা, চুন্নি (রুবি), তামা, কাশা (ব্রোঞ্জের উপাদান), পিতল, লোহা (আয়রন), স্বর্ণসহ প্রায় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের খনিজ সম্পদ। খনিজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন প্রযুক্তি ব্যবহার করে অন্তত ১৪টি প্রদেশে খনিজ অনুসন্ধান চলছে, যার মধ্যে পান্নার সবচেয়ে বড় খনি রয়েছে পাঞ্জশির ও বাদাখশান প্রদেশে।
বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা
বর্তমানে পান্নার বাজারে আফগানিস্তান প্রতিযোগিতা করছে কলম্বিয়া ও জাম্বিয়ার সঙ্গে। কলম্বিয়ার পান্না ঐতিহাসিকভাবে বিশ্বসেরা বলে ধরা হয়, কিন্তু আফগানিস্তানের পান্না তার প্রাকৃতিক দীপ্তি ও স্থায়িত্বের জন্য দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষত সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারে আফগান পান্নার চাহিদা বেড়েছে বহুগুণ।
আফগানিস্তানের পান্না শুধু রত্নপাথরের জগতে এক উজ্জ্বল নাম নয়, বরং দেশের অর্থনৈতিক পুনর্গঠনের সম্ভাবনাও বয়ে আনছে। সঠিক বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারে সুনাম বজায় রাখতে পারলে, পান্না আফগানিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করার অন্যতম শক্তি হয়ে উঠতে পারে। একসময় যুদ্ধবিধ্বস্ত এই দেশ হয়তো রত্নপাথরের শক্তিতে নিজের অর্থনৈতিক ইতিহাস নতুনভাবে লিখবে।
এনএ/