মেক্সিকো সিটিতে সিনেটের অধিবেশন হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে আলোচনার পর সরকারপক্ষ ও বিরোধীদলীয় সিনেটরদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
শুক্রবার (২৯ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, বিরোধী দলের নেতা আলেহান্দ্রো মোরেনোকে বক্তব্যের সুযোগ না দেওয়ার কারণে ঘটনার সূত্রপাত হয়। ক্ষুব্ধ মোরেনো সিনেট সভাপতি জেরার্দো ফের্নান্দেজ নোরোনিয়ার হাত ধরে টান দেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন সিনেটর ঘুষি ছুড়েছেন এবং আরেকজনকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।
পরে নোরোনিয়া এক আহত সহকর্মীকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন। আহত ওই সিনেটরের হাত ও গলায় ব্যান্ডেজ বাঁধা ছিল।
নোরোনিয়া অভিযোগ করেছেন, বিরোধীদল সংগঠিত হয়ে তার ওপর হামলা চালিয়েছে এবং আলেহান্দ্রো মোরেনো তাকে হত্যার হুমকিও দিয়েছেন। তিনি আরও ঘোষণা দেন, এ ঘটনায় তিনি মোরেনোসহ জড়িতদের সিনেট থেকে বহিষ্কারের উদ্যোগ নেবেন।
অন্যদিকে, মোরেনো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেন, ক্ষমতাসীন দল ইচ্ছাকৃতভাবে এজেন্ডা পরিবর্তন করে বিরোধীদের কথা বলার সুযোগ দেয়নি। এতে প্রতিবাদ জানালে নোরোনিয়াই প্রথম উসকানি দেন। মোরেনো বলেন, তারা সরকারের ‘কাপুরুষোচিত আচরণের’ বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
