ব্রিটিশ সরকার ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, বিদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, গত বছর স্টাডি ভিসায় যুক্তরাজ্যে যাওয়া ১৬ হাজার শিক্ষার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন।
হোম অফিস জানিয়েছে, এবার ভিসার মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। এ উদ্দেশ্যে মোট ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে বার্তা পাঠানো হবে।
অফিসের বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্টাডি ভিসায় আসা অনেক শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক আশ্রয় চাইছেন, যা নিয়মবহির্ভূত।
ব্রিটিশ হোম অফিস স্পষ্ট করে দিয়েছে, যারা ভিসার নির্ধারিত সময়ের বেশি অবস্থান করবেন তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।
এছাড়া সম্প্রতি হোম অফিস ভিসার ৪৫টি ক্যাটাগরির ফি বাড়ানোর ঘোষণাও দিয়েছে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
