সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলীমা খানের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত নারীরা পিটিআই-এর কর্মী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, আদিয়ালা জেলের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলীমা খান কথা বলছিলেন। সেই সময় তার দিকে দুটি ডিম নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ডিম সরাসরি তার গায়ে লাগে।
ঘটনাটিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা হৈচৈ শুরু করলে পুলিশ তৎক্ষণাৎ এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে দু’জন নারীকে আটক করে আদিয়ালা ফাঁড়িতে নিয়ে যায়।
রাওয়ালপিন্ডি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আটক নারীরা পিটিআই-এর সঙ্গে সম্পৃক্ত। তিনি আরও বলেন, খাইবার পাখতুনখোয়া (কেপি) থেকে অল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্র্যান্ড অ্যালায়েন্স এবং এপকা সংগঠনের সদস্যরা আদিয়ালা জেলের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। সেখানে আলীমা খানের প্রশ্নের জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নারীরা ডিম নিক্ষেপ করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত নারীদের হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
