নেপাল সরকার ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়, এসব প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে বিদেশি সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়, নেপাল সরকার অভিযোগ করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের অ্যাপসের অপব্যবহার ঠেকাতে কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি করতে ব্যর্থ হয়েছে।
সরকারের দাবি, ভুয়া আইডি ব্যবহারকারীরা এসব প্ল্যাটফর্মে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধে জড়াচ্ছে এবং দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।
উল্লেখ্য, নেপালের মোট ৩ কোটি মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করে।
এর আগে নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল। তাদের বলা হয়েছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধিত হতে হবে এবং একটি স্থানীয় যোগাযোগ কর্মকর্তা, অভিযোগ নিষ্পত্তিকারী ও স্বনিয়ন্ত্রক প্রতিনিধি নিয়োগ দিতে হবে। না হলে প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হবে।
পরবর্তীতে বৃহস্পতিবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ) কে নির্দেশ দেওয়া হয় যে, যারা নিবন্ধিত হয়নি এমন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অবিলম্বে নিষ্ক্রিয় করতে হবে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
