সংরক্ষিত আসনে মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের কে এই মাহবুবা হাকিম

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
banner

১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কে এই মাহবুবা হাকিম

একজন পেশাজীবী নারী হিসেবে মাহবুবা হাকিমের মনোনয়ন রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।

জোট-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রার্থীদের শিক্ষা, মেধা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে একটি ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে সচেতন পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হাকীম এবং মাতা মাহমুদা সুলতানা। শৈশব থেকেই আদর্শিক পরিবেশে বেড়ে ওঠার কারণে দেশপ্রেম ও গঠনমূলক রাজনীতির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় বলে জানা গেছে।

পেশায় প্রকৌশলী হলেও দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বর্তমানে রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক নানা প্রকল্পের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। এক ছেলে ও এক মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এখন রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে আগ্রহী বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জুনাঈদ ৩৬ নিউজকে মাহবুব হাকিম সম্পর্কে জানান, সংরক্ষিত মহিলা আসনে আমাদের দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম একজন দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ এবং দ্বীনি খিদমতে নিয়োজিত সমাজসেবী ব্যক্তিত্ব।

মাওলানা জুনাঈদ জানান, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে একটি রাজনৈতিক সচেতন ও আদর্শিক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠা মাহবুবা হাকিম শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি টেক্সটাইল খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।

মাওলানা জুনাঈদ আরও জানান, বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে পবিত্র কুরআনের খিদমতে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
ছাত্রজীবনে তিনি সেরা আবৃত্তিকার, বিতার্কিক ও বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে মাহবুবা হাকিম দুই সন্তানের জননী। তাঁর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে অধ্যায়নরত। পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এখন রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রাখতে আগ্রহী বলে দলীয় সূত্র জানিয়েছে।

তার স্বামী ডা. আউলাদ হোসাইন একজন প্রখ্যাত মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক।

মাওলানা জুনাঈদ বলেন, “পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে একজন যোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রার্থী। দেশ, দ্বীন ও মানুষের কল্যাণে তাঁর এই পথচলায় সবার দোয়া ও সমর্থন কাম্য।”

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে তাঁর মতো একজন শিক্ষিত ও পেশাজীবী নারীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222