মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরকে ঘিরে সমালোচনায় মুখর হলেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও উগ্র-ডানপন্থী রাজনীতিকে উসকে দিচ্ছেন ট্রাম্প।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের প্রতি আরো দৃঢ় অবস্থান গ্রহণ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের প্রতি আহ্বান জানান লন্ডনের মেয়র। বিভিন্ন শহরে সামরিক বাহিনীর ব্যবহার এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই কিছু অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ায় ট্রাম্পের সমালোচনা করেন সাদিক খান। তিনি বলেন, সংখ্যালঘুদের লক্ষ্য করে নেয়া পদক্ষেপগুলো স্বৈরাচারের কৌশল ছাড়া আর কিছু নয়।
তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্ক বজায় রাখার বাস্তবসম্মত কারণগুলো তিনি বুঝতে পারেন। তবে তার মতে, ব্রিটেনের এমন একজন নেতার সমালোচনা করতে ভয় পাওয়া উচিত নয়, যিনি তার মিত্রদের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি-ডানপন্থী রাজনীতি উসকে দিয়েছেন।
একইসঙ্গে তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাজ্যের নেতাদের উচিত ভয় আর বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করা।
এআইএল/
