ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্র্যান্ডন লিঞ্চ এবং ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাজেশ আগরওয়াল। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দুই পক্ষ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, তবে তারা ভবিষ্যতে আরও বৈঠক করার বিষয়ে একমত হয়েছেন।
বৈঠক শেষে ভারতের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমেরিকার সঙ্গে একাধিক স্তরে আলোচনা চলছে, তবে কিছু বিষয়ে এখনও সমঝোতা হয়নি। বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার প্রশ্নে যুক্তরাষ্ট্রের চাপ বজায় রয়েছে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চাইছে ভারত কৃষিজাত পণ্য, দুধ ও গমের ওপর আরোপিত উচ্চ কর কমিয়ে আনুক।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত ভারত সফর বাতিল করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভারত বাণিজ্য আলোচনায় অনড় অবস্থান নিচ্ছে, যা সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
