সিরিয়ার জন্য ৮৯ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা সৌদি-কাতারের

by Nur Alam Khan

সৌদি আরবের সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং কাতারের কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট যৌথভাবে সিরিয়ার জন্য ৮৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সহায়তার মাধ্যমে ৩ মাসের জন্য সিরিয়ার সরকারি খাতের কর্মীদের সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, ঘোষণা অনুযায়ী এই অর্থায়নের মূল লক্ষ্য হলো সিরিয়ার জনগণের জন্য মৌলিক জনসেবা অব্যাহত রাখা এবং বাজেট বরাদ্দকে শক্তিশালী করা। একই সঙ্গে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও সমন্বিত অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ বাড়ানো হবে।

বিজ্ঞাপন
banner

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে আর্থিক খাতকে শক্তিশালী করা, অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সিরিয়ায় টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া হবে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুযায়ী, এই সহায়তা সিরিয়ার উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংহতির প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সৌদি আরব ১.৬৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সিরিয়াকে সহায়তা হিসেবে দিয়েছিল।

এছাড়া গত আগস্টে দামেস্ক আন্তর্জাতিক মেলা উপলক্ষে সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় ও একাধিক সৌদি কোম্পানির মধ্যে ছয়টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলো জ্বালানি খাতের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির অংশ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি কোম্পানি আকওয়া পাওয়ার সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প ও স্টোরেজ সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা ও প্রস্তাব তৈরির একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

সূত্র: আল আরবিয়া।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222