শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন, ওসির অপসারণ দাবি

by Nur Alam Khan
যশোরের শার্শায় দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। শার্শা, নাভারন, বাগআঁচড়া ও বেনাপোলের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানিয়ে বলেন, তিনি দীর্ঘদিন সৎ ও নির্ভীক সাংবাদিকতা করে আসছেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি পেশাগত হয়রানির উদ্দেশ্যে সাজানো। বক্তারা অভিযোগ করেন, শার্শা থানার ওসি তদন্ত ছাড়াই মনিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন এবং ওসির অপসারণের দাবি তোলেন।
মানববন্ধনে সাংবাদিকরা আরো বলেন, মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মনিরুল ইসলাম মনির মুক্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়।
এ সময় শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া ও ঝিকরগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারের মাধ্যমে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দায়ের করে। পরে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222