71
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে পৌঁছে একটি ঢাকাগামী ট্রেনকে পাশ কাটানোর জন্য লুপ লাইনে দাঁড়ায়। ওই ট্রেনটি চলে যাওয়ার পর সিগনাল অনুযায়ী ট্রেনটি মূল লাইনে উঠতে গেলে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম বলেন, ‘সিগনাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুতগতিতে চালিয়ে নেয়ার চেষ্টা করলে মূল লাইনে ওঠার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. হাসিনা খাতুন জানান, ‘উদ্ধার কাজ চলছে। আশা করছি, প্রায় এক ঘণ্টার মধ্যেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হবে।’
এই ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক যাত্রী। অনেকে স্টেশনেই অপেক্ষা করছেন পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত।