ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর কলম্বিয়া নিজ দেশে প্রথম যুদ্ধ রাইফেল তৈরি করেছে বলে আন্তর্জাতিক সংবাদে খবর এসেছে। কলম্বিয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এই রাইফেল সম্পূর্ণ স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে।
৩০ (সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, সরকারি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইন্দুমিল (Indumil) এই রাইফেল নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন রাইফেলটি ইসরায়েলের উৎপাদিত গালিল (Galil) রাইফেলের তুলনায় স্বল্পমূল্যের ও ওজনে হালকা।
ইন্দুমিলের ম্যানেজারের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ বছরে তারা ৪ লাখ হালকা ও সাশ্রয়ী রাইফেল উৎপাদন করার লক্ষ্যমাত্রা রেখেছে এবং ধীরে ধীরে দেশের সেনাবাহিনীর বর্তমান অস্ত্রের স্থানে ব্যবহার করবে।
রিপোর্টে বলা হয়েছে, এর আগে কলম্বিয়া ১৯৯০ এর দশক থেকে ইসরায়েলি উপকরণ ব্যবহার করে রাইফেল তৈরি করত; কিন্তু ২০২৪ সালে কলম্বিয়া গাজায় চলমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
