ট্রান্সজেন্ডারিজমকে আধুনিক যুগের বড় ফিতনা উল্লেখ করে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একজন ছেলের লিঙ্গ আছে, দাড়ি আছে। কিন্তু সে ইনজেকশন নিয়ে গলার কণ্ঠ পরিবর্তন করে ফেলে, দাড়ি কমিয়ে ফেলে নারী সাজে। কপালে টিপ, হাতে চুড়ি দেবে, শাড়ি পরবে ও থ্রি পিস পরবে আর বলবে আমি নারী। কিন্তু হাজার বার বললেও কাপড়ের ভেতরে যে লিঙ্গ আছে -তা বদলানো যাবে না কোনো দিন।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে ইসলামী বইমেলা প্রাঙ্গণে প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, একটা পপুলার মতবাদ আছে, বস্তুবাদ। আমরা জানি না বস্তুবাদ বলতে কি? উদারতাবাদ, মানবতাবাদ -কথাগুলো দেখতে সুন্দর, শুনতে সুন্দর কিন্তু ভিতরে অন্য কথা আছে। যুক্তিবাদ, মুক্তচিন্তা -মুক্ত হতে হতে যদি আল্লাহকে অস্বীকার করে বসি, আখিরাতকে অস্বীকার করে বসি -এই মুক্তচিন্তা ইসলামের সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, অত্যন্ত জনপ্রিয় টার্ম সেক্যুলারিজম, আধুনিকতাবাদ, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ এসব কিছুর -ইতিবাচক ও নেতবাচক দুটোই আছে। বিশ্বায়ন, শব্দটি শুনতে খুবই ভালো লাগে। কিন্তু এর ভেতরে অনেক কিছুই আছে যা সম্পর্কে এই বইয়ের বিস্তারিত আলোচনা আছে।
এআইএল/
