গাজা শান্তি চুক্তির অধীনে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। আর ইসরায়েলের পক্ষ থেকে ২ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
সোমবার (১৩ অক্টোবর) আনাদোলু এজেন্সি ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামাস আজ ধাপে ধাপে সব ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, প্রথম ধাপে ৭ জন এবং দ্বিতীয় ধাপে আরও ১৩ জনকে মুক্তি দেওয়া হয়।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামাস আজ আরও ২৮ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ইসরায়েলের হাতে হস্তান্তর করবে, অন্যদিকে ২ হাজার ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগার থেকে বাসযোগে গাজা ও পশ্চিম তীরের উদ্দেশে রওনা হয়েছেন।
আরব মিডিয়ার তথ্যানুসারে, ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের দক্ষিণ গাজার আল-নাসর হাসপাতালে নেওয়া হবে, যেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
অন্যদিকে, আজ মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিতে মিশরে পৌঁছেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি ও আল জাজিরা।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
