গত বছর কোস্টারিকার টারগুয়েরো ন্যাশনাল পার্কের কাছের সমুদ্রে এক বিরল কমলা রঙের হাঙরের দেখা পাওয়া গিয়েছিল। সম্প্রতি সামুদ্রিক জীববিজ্ঞান বিষয়ক বিজ্ঞানীরা মেরিন বায়োলজি জার্নাল-এ হাঙরটির ছবি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই রঙের হাঙর প্রথমবার পাওয়া গেছে।
পর্যটন সংস্থা প্যারিসিমা ডোমাস দেই জানিয়েছে, তারা কিছু মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। তখনই হাঙরটির দেখা পাওয়া যায়। এটি ধরা পড়ে ৩৭ মিটার গভীরে, যেখানে পানির তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে তারা শুধু হাঙরটির ছবি তুলে পরে সাগরে ছেড়ে দেয়।
প্রথম দেখায় হাঙরটিকে ‘সোনার মাছ’ বলে মনে হয়েছিল। কারণ এটি ছিল উজ্জ্বল কমলা রঙের, চোখ ছিল সাদা। সাধারণ নার্স হাঙর সাধারণত বাদামী রঙের হয়, তাই এই হাঙরটি ছিল সম্পূর্ণ ভিন্ন।
কেন এর গায়ের রঙ কমলা?
বিজ্ঞানীরা জানান, এই হাঙরের রঙ এমন হওয়ার কারণ দুটি বিরল জেনেটিক অবস্থা। অ্যালবিনিজম (যাতে শরীর মেলানিন তৈরি করতে পারে না) এবং জ্যান্থিজম (বা জ্যান্থোক্রোইজম, যা শরীরে হলদে বা কমলা রঙের প্রভাব ফেলে)। এই দুটি অবস্থা একসঙ্গে ঘটেছে বলেই হাঙরটির রঙ এতটা আলাদা হয়েছে।
গবেষকরা মনে করছেন এই অনন্য রঙের কারণে হাঙরটি শিকারীদের জন্য সহজ লক্ষ্য হয়ে উঠতে পারে।
গবেষকরা জানান, ‘হাঙরের এই রঙের অস্বাভাবিকতার পেছনে জেনেটিক বা পরিবেশগত কী কারণ আছে, তা জানার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে।‘
এটি শুধু একটি রঙিন হাঙরের গল্প নয়। বরং প্রাকৃতিক বৈচিত্র্যের এক চমৎকার নিদর্শন, যা সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় নতুন আলো ফেলতে পারে।
এনআর/
