ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি সরকারি স্কুলে মুসলিম শিক্ষককে হিন্দু শিক্ষার্থীদের ‘নামাজের মতো’ যোগাসন শেখানোর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে যোগব্যায়ামের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি শিক্ষার্থীদের এমন কিছু যোগাসন শেখাচ্ছিলেন, যেগুলো দেখতে নামাজের ভঙ্গির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
প্রতিবেদন অনুযায়ী, মুসলিম যোগা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ ও প্রতিবাদের পর।
স্কুল প্রশাসন স্থানীয় হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর চাপ এবং ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মুসলিম যোগা শিক্ষককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে বরখাস্ত হওয়া শিক্ষক সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, তিনি কেবল সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যোগা ক্লাস নিচ্ছিলেন। যেটিকে ‘নামাজ’ ভঙ্গি বলা হচ্ছে, সেটি আসলে ‘শশনক আসন’, যা বাহ্যিকভাবে নামাজের সেজদার সঙ্গে কিছুটা মিল থাকতে পারে।
শিক্ষক আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধুমাত্র যোগা শেখানো হচ্ছিল, কোনো ধর্মীয় অনুশীলন নয়। আমার বক্তব্য না শুনে আমাকে বরখাস্ত করা সম্পূর্ণ অন্যায়।’
সূত্র: এনডিটিভি ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
