বাড্ডা–রামপুরা সড়কে মেট্রো নির্মাণকাজ শুরু, সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ

by hsnalmahmud@gmail.com

বাড্ডা–রামপুরার প্রগতি সরণিতে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল (এমআরটি লাইন–১) নির্মাণকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে এই কাজ শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নির্মাণকাজের কারণে এই ব্যস্ত সড়কে দীর্ঘ যানজটের আশঙ্কা রয়েছে। তাই এ পথে চলাচলকারীদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
banner

রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার পর্যন্ত সড়কের সরকারি নাম ‘বীরউত্তম রফিকুল ইসলাম সরণি’; তবে এটি প্রগতি সরণি নামেই বেশি পরিচিত।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন–১ প্রকল্পের একটি অংশ মাটির নিচ দিয়ে এবং একটি অংশ উড়ালপথে নির্মিত হবে। পাতাল অংশটি থাকবে বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর পর্যন্ত। এ রুটের ট্রেন ১০ থেকে ৩০ মিটার নিচ দিয়ে চলবে, আর মালিবাগ–রাজারবাগ অংশে গভীরতা হবে প্রায় ৭০ মিটার—যা হবে দেশের সবচেয়ে গভীর পাতাল রেলপথ।

প্রকল্প সূত্রে জানা গেছে, ১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এটি দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় পরিবহন অবকাঠামো প্রকল্প।

লাইন–১ প্রকল্প দুটি ভাগে বিভক্ত—বিমানবন্দর রুট ও পূর্বাচল রুট। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হচ্ছে। এই রুটে থাকবে ১২টি পাতাল স্টেশন—বিমানবন্দর, টার্মিনাল–৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর।

অন্যদিকে, নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পূর্বাচল রুটের দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার, যা সম্পূর্ণ উড়াল হবে। এ রুটে মোট স্টেশন থাকবে ৯টি, যার মধ্যে নর্দ্দা ও নতুন বাজার স্টেশন বিমানবন্দর রুটের সঙ্গে সংযুক্ত থাকবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222