তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তারা যে অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছিলেন, সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, তা পূরণের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে এবং একটি রায় দেওয়া হবে। এতে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের ক্ষত কিছুটা হলেও প্রশমিত হবে।”
তিনি আরও বলেন, “আরও অনেক মামলার বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে। যারা ছাত্র জনতার ওপর হত্যাকাণ্ড, গুম বা নির্যাতনে জড়িত ছিলেন— তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এই ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত থাকবে, এবং ভবিষ্যত সরকারও এ প্রক্রিয়া এগিয়ে নেবে।”
সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “সংস্কার কার্যক্রমে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেছে— এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। সর্বসম্মত এই সনদের মাধ্যমে দেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ ও চলমান সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা যদি পরবর্তী সরকার বজায় রাখতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়িত হবে— যেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন, সুবিচার ও মানবিক নিরাপত্তা। গুম-খুনের মতো ভয়াবহতা আর ফিরে আসবে না।”
হাআমা/
