ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানার নাকি জুনায়েদ আল হাবীবের?

by hsnalmahmud@gmail.com

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় জেলাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—এই আসনে ধানের শীষের টিকিট পাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, নাকি মাওলানা জুনায়েদ আল হাবীব?

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি, যা নিয়ে দলে দলে জল্পনা আরও বেড়েছে।

বিজ্ঞাপন
banner

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম তালিকায় না থাকায় অনেকে ধারণা করছেন, ২০-দলীয় জোটের অংশ হিসেবে এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীবই শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটগত সমন্বয়ের অংশ হিসেবে বিএনপি সরাইল–আশুগঞ্জ আসনে সহযোগী দলের প্রার্থীকে অগ্রাধিকার দিতে পারে। এরই ধারাবাহিকতায় মাওলানা জুনায়েদ আল হাবীবের প্রার্থী হওয়ার সম্ভাবনাই এখন বেশি।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “ধানের শীষ প্রতীকেই আমি সরাইল–আশুগঞ্জ আসনের প্রার্থী হবো, ইনশাআল্লাহ।” এরপর থেকেই এলাকায় তার নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে।

অন্যদিকে, ব্যারিস্টার রুমিন ফারহানা গত কয়েক মাসে সরাইল ও আশুগঞ্জে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ করেছেন। তার নেতৃত্বে বিএনপির স্থানীয় সংগঠনের কর্মীরা মাঠে সক্রিয় ছিলেন। জানা গেছে, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সংখ্যা প্রায় ১০ জন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতি ও জোটগত ভারসাম্য বিবেচনায় রুমিন ফারহানার মনোনয়ন পাওয়া এখন অনেকটাই অনিশ্চিত। অন্যদিকে, মাওলানা জুনায়েদ আল হাবীব নিয়মিত সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা তার প্রার্থীতা আরও দৃঢ় করছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করা হবে।” ফলে সরাইল–আশুগঞ্জের প্রার্থী নিয়ে কৌতূহল ও গুঞ্জন আরও কিছুদিন অব্যাহত থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222